চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা
চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মান আরও সমৃদ্ধ করা এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বিদ্যালয়ের পুরোনো ভবন পরিবর্তন করে আধুনিক ও নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক ও বহুমুখী শিক্ষায় এগিয়ে নিতে বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা শেখার সুযোগ চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না। আধুনিক জ্ঞান, ভাষা দক্ষতা, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও বহুমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন। একই সঙ্গে অর্জিত জ্ঞান, মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও শিক্ষার আলো ছড়িয়ে আসছে। কৃতি শিক্ষার্থীদের এমন সংবর্ধনা তাদের ভবিষ্যৎ পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা যায়।
মন্তব্য (০)
Google দিয়ে সাইন ইন করুন — আলোচনায় অংশ নিতে।